মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়: বাসদ
মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিয়ে বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষা বাস্তবায়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন বজলুর রশীদ ফিরোজ। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
বজলুর রশীদ ফিরোজ বলেন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও গত ৫৫ বছরে সেই অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, ১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্র গঠনের পর পাকিস্তানের শাসনামলে পূর্ব বাংলায় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ২৩ বছর ধরে সংগ্রাম চলে। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
স্বাধীনতার পর দেশ পুঁজিবাদী মুক্তবাজার অর্থনীতিতে পরিচালিত হওয়ায় বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা—সমতা, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন করে মুক্তিযুদ্ধের নৈতিকতা ও যৌক্তিকতা প্রতিষ্ঠার দাবি জানান তিনি।