১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ, বিরোধীদের আপত্তি
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোটসহ ১১টি বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটির সরকারপক্ষের সদস্যরা। তবে বিরোধী দলের সদস্যরা এ বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে অধ্যাদেশগুলো বহাল রাখার প্রস্তাব করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বর্তমান আকারে সংসদে বিল হিসেবে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিল আকারে উপস্থাপনের কথা বলা হয়েছে।
অন্যদিকে, বাকি ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি এখনই সংসদে না এনে পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়েছে। আর ৪টি অধ্যাদেশ রহিতকরণের জন্য দ্রুত বিল আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকার এসব অধ্যাদেশ জারি করে। পরে নতুন জাতীয় সংসদ এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য জয়নুল আবেদীন–এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে।
কমিটি তিনটি বৈঠকের মাধ্যমে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করে এবং প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের মতামত গ্রহণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।