বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পল কাপুর দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তুলছে।

দূতাবাস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে তিনি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য ও নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

পল কাপুর বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। সমুদ্র ও সীমান্তে সংঘটিত ঘটনাগুলো শুধু ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তাতেও প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেন তার সার্বভৌমত্ব ও সমুদ্রসীমা রক্ষা করতে পারে এবং জটিল ভূরাজনৈতিক পরিবেশে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে—সে লক্ষ্যেই দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।


চীনের নাম সরাসরি উল্লেখ না করলেও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোনো নির্দিষ্ট পক্ষ বেছে নিতে চাপ দেয় না। বরং উন্নত প্রযুক্তি সরবরাহের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে চায়, যাতে দেশটি নিজস্ব স্বার্থে তা ব্যবহার করতে পারে।