মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে এলো ৬০ হাজার টনের বেশি ডিজেল
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে অয়েল ট্যাংকার ‘শান গ্যাং ফা জিয়ান’ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি কুতুবদিয়া চ্যানেল-এ পৌঁছায়। পরে এটি চট্টগ্রাম বন্দরর বহির্নোঙরে আসার কথা রয়েছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, শনিবার জাহাজটি বার্থিং করার সম্ভাবনা রয়েছে।
এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ নোঙর করে। এই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এবং এটি ইতোমধ্যে কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে। শনিবার আনুষ্ঠানিকভাবে জাহাজটি বার্থিং করা হবে।