বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসন্ত্রাসবিরোধী অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার, আ.লীগের নিষেধাজ্ঞা বহাল থাকার ইঙ্গিত

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার, আ.লীগের নিষেধাজ্ঞা বহাল থাকার ইঙ্গিত

favicon
ভোরের আলো ডেস্ক:
সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ আইনে রূপ দিচ্ছে সরকার, আ.লীগের নিষেধাজ্ঞা বহাল থাকার ইঙ্গিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’কে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত সংশোধনে শাস্তির বিধানও যুক্ত করার কথা বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করলেও সরকার গঠনের পর তারা ওই অধ্যাদেশকে আইনে রূপ দিতে পদক্ষেপ নিয়েছে। এর ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর নতুন আইনে শাস্তির বিধান যুক্ত হলে দলটির রাজনৈতিক কার্যক্রম আরও সীমিত হতে পারে।

সংসদীয় প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম দিনে (১৩ মার্চ) উত্থাপন করা হয়। পরে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি এগুলো যাচাই-বাছাই করে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদে পাস না হলে ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ কার্যকারিতা হারাবে।

বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রেখে আইনে পরিণত করার সুপারিশ করেছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে উপস্থাপন, ১৬টি আপাতত স্থগিত এবং ৪টি রহিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংশোধনের জন্য প্রস্তাবিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে ২০২৫ সালের ১১ মে জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’। এর মাধ্যমে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ও ২০ ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনের আওতায় ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগ-কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৯ মে রাতে ড. মুহাম্মদ ইউনূস-এর বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন এনসিপি নেতারা।