মাসুদ উদ্দিন চৌধুরীর আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর
সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে তার মোট রিমান্ড দাঁড়িয়েছে ১৪ দিন।
এর আগে দ্বিতীয় দফার ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আরও চার দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ মার্চ আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।