তেলের সংকট নেই, আতঙ্কে বেশি কিনছেন মানুষ: শামা ওবায়েদ
তেলের কোনো সংকট নেই জানিয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আতঙ্কের কারণে মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছেন।
শনিবার (৪ এপ্রিল) সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যারা আগে দিনে একবার তেল নিতেন, এখন তারা পাম্পে গিয়ে ৪-৫ বার তেল নিচ্ছেন। কারণ তারা মনে করছেন তেলের সংকট চলছে।”
তিনি জানান, কৃষিখাতে সবচেয়ে বেশি ডিজেল ব্যবহৃত হয়, তাই এই খাতে তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে কৃষকসহ সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে, সে জন্য সরকার মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে সম্ভাব্য সংকট মোকাবিলায় সচেতন থাকার ওপর গুরুত্ব দেন।