বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়চট্টগ্রাম বন্দরে এলো ৩৪ হাজার টন ডিজেল, জ্বালানি সরবরাহে স্বস্তির আশা

চট্টগ্রাম বন্দরে এলো ৩৪ হাজার টন ডিজেল, জ্বালানি সরবরাহে স্বস্তির আশা

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম বন্দরে এলো ৩৪ হাজার টন ডিজেল, জ্বালানি সরবরাহে স্বস্তির আশা

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রবিবার ভোরে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভিড়ে।

বন্দর সূত্র জানায়, জাহাজটি পরিশোধিত জ্বালানি তেল নিয়ে এসেছে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। এর আগে শুক্রবার আরও একটি জাহাজে করে ২৭ হাজার টন ডিজেল দেশে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দ্রুত জ্বালানি খালাস ও বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনো ঘাটতি না থাকে।

সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সরকার বড় পরিসরে আমদানি পরিকল্পনা হাতে নিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন, ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ টন ডিজেল এবং কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট থেকে ৫ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।