মঙ্গল শোভাযাত্রা বন্ধে হাইকোর্টে রিট
পহেলা বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি ও সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তুলে ধরে এই আবেদন করা হয়।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে রিটটি দায়ের করেন।
রিটে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী বলেন, মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিতর্ক থাকায় বিষয়টির স্থায়ী সমাধান চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়; বরং এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি আয়োজন, যা পরে নাম পরিবর্তন করে পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত করা হয়েছে।