দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দ্বিপাক্ষিক সম্পর্কই মূল আলোচ্য
টেকসই রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফরে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের অবস্থান বোঝার পাশাপাশি বাংলাদেশের দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হবে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানায়, ৭ থেকে ৯ এপ্রিলের এই সফরে দীর্ঘমেয়াদে পারস্পরিক আস্থা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী ১১ ও ১২ এপ্রিল পোর্ট লুইস-এ অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লিতে অবস্থান করবেন। সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৭ এপ্রিল সন্ধ্যায় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গে বৈঠক করবেন। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়ামমন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।