তনু হত্যা মামলায় নতুন মোড়, তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব
কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলা-তে নতুন মোড় আসতে যাচ্ছে। দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক মো. তরিকুল ইসলাম-কে সোমবার (৬ এপ্রিল) আদালতে তলব করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে সম্প্রতি পিবিআইকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের কাছে তদন্তের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি তুলে ধরা হবে। তবে এখনই মামলার চার্জশিট দাখিল করা হচ্ছে না বলেও জানান তিনি।
দীর্ঘ ১০ বছরেও হত্যাকারী শনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন। তিনি বলেন, বহুবার সাক্ষ্য দিলেও এখনো বিচার পাননি। নতুন সরকারের কাছে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। শুরুতে থানা পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি ডিবি ও সিআইডিতে হস্তান্তর করা হয়।