সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন।
তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন।