বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রের আকাশে ‘ডুমসডে প্লেন’, ইরানে পরমাণু হামলার শঙ্কা?

যুক্তরাষ্ট্রের আকাশে ‘ডুমসডে প্লেন’, ইরানে পরমাণু হামলার শঙ্কা?

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আকাশে ‘ডুমসডে প্লেন’, ইরানে পরমাণু হামলার শঙ্কা?

যুক্তরাষ্ট্রের আকাশে আবারও দেখা গেছে ‘ডুমসডে প্লেন’ নামে পরিচিত বিশেষ সামরিক বিমান, যা নতুন করে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির আকাশে এই বিমানকে চক্কর দিতে দেখা যায়।

‘ডুমসডে প্লেন’ হিসেবে পরিচিত Boeing E-4B Nightwatch মূলত পারমাণবিক যুদ্ধের সময় জাতীয় নেতৃত্বকে সুরক্ষা দেওয়া এবং সরকারের কার্যক্রম চালু রাখার জন্য ব্যবহৃত হয়। এটি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের একটি আকাশস্থ কমান্ড সেন্টার হিসেবেও কাজ করে।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে উড্ডয়ন করে এবং অবতরণের আগে অন্তত ছয়বার ওই এলাকা প্রদক্ষিণ করে। এ ধরনের বিমান চলাচল সাধারণত উচ্চমাত্রার সামরিক সতর্কতার ইঙ্গিত দেয়।

বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প ইরানকে শান্তিচুক্তি মেনে নেওয়া এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পুরো দেশকে এক রাতেই ধ্বংস করা সম্ভব এবং সেই সময় খুব কাছেই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের চারটি ই-৪বি বিমান রয়েছে, যা জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক নেতৃত্বের জন্য ‘উড়ন্ত পেন্টাগন’ হিসেবে কাজ করে। বিমানটিতে একাধিক ডেক, ব্রিফিং রুম, কমান্ড সেন্টার এবং বিশ্রাম সুবিধা রয়েছে।

এটি পারমাণবিক বিস্ফোরণ, সাইবার হামলা ও ইলেক্ট্রোম্যাগনেটিক পালসের মতো ঝুঁকিও মোকাবিলা করতে সক্ষম। একেকটি বিমান সর্বোচ্চ ১১২ জন ক্রু বহন করতে পারে এবং ৭ হাজার মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।