বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমজাতীয়দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক

দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নয়াদিল্লি যাচ্ছেন। তিন দিনের এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরকালে তিনি শুধু জয়শঙ্করের সঙ্গেই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি-র সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এসব বৈঠকে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার দিকেই জোর দেওয়া হবে।

এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত থাকবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফর শুরু হবে। পরদিন ৮ এপ্রিল তিনি এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। একই দিনে পীযূষ গোয়েল ও হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিল্লি সফর শেষে তিনি Indian Ocean Conference-এ অংশ নিতে পোর্ট লুইস-এ যাবেন।