লেবাননে হামলার প্রভাবে হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা, জাহাজ চলাচল এখনও ঝুঁকিপূর্ণ
লেবাননের ওপর ইসরায়েল-এর হামলা অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, তবুও এই প্রণালী এখনও পুরোপুরি নিরাপদ নয় বলে আশঙ্কা করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প-এর ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণার পর ধারণা করা হয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে আসবে। তবে বুধবার (৮ এপ্রিল) দিনের শুরুতে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে জাহাজ চলাচল ছিল অত্যন্ত সীমিত। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ চলাচল করে, সেখানে বর্তমানে সংখ্যা অনেক কমে গেছে।
এদিকে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে আবারও হামলা জোরদার করে ইসরায়েল। একই সময়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, লেবাননে হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। এর প্রেক্ষিতে প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে সম্ভাব্য সমুদ্রে পাতা মাইন থেকে দুর্ঘটনা এড়াতে জাহাজগুলোকে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এখনো স্পষ্ট নয়, সত্যিই প্রণালীতে মাইন পাতা হয়েছে কিনা, নাকি এটি কৌশলগতভাবে শত্রুপক্ষকে ভয় দেখানোর একটি পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই মাইন স্থাপন করা হয়ে থাকে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এই ধরনের মাইন অপসারণে সপ্তাহ, মাস এমনকি বছরও লেগে যেতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।