চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র্যাব, কাউকে ছাড় নয়
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দেশজুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছে বাহিনীটি। তালিকা সম্পন্ন হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। তালিকায় যার নাম আসবে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
র্যাব জানায়, পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট-বড় সব স্তরের অপরাধীকেই অন্তর্ভুক্ত করা হবে।

অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিরাপত্তার ভয়ে অভিযোগ করেন না উল্লেখ করে র্যাব জানায়, গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করেই তালিকা তৈরি করা হচ্ছে।
রাজনৈতিক পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং দ্রুত সময়ের মধ্যেই অভিযান শুরু করা হবে।