সমঝোতা না হওয়ায় চুক্তিহীনভাবেই ফিরছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ টানা প্রায় ২১ ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষের অবস্থানের ভিন্নতা দূর করা সম্ভব হয়নি।
এ কারণে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কোনো সমঝোতা ছাড়াই তাদের প্রতিনিধিদল দেশে ফিরে যাচ্ছে।
বৈঠক শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের আতিথেয়তার প্রশংসা করেন। তিনি বলেন, আলোচনার ঘাটতির জন্য পাকিস্তানকে দায়ী করা যাবে না; বরং তারা দুই পক্ষের মধ্যে দূরত্ব কমাতে আন্তরিকভাবে চেষ্টা করেছে।
ভ্যান্স আরও বলেন, দীর্ঘ আলোচনায় ইরানের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, যা ইতিবাচক দিক। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। তার মতে, এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি ক্ষতিকর।
তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে—কোন বিষয়ে ছাড় দেওয়া সম্ভব এবং কোন বিষয়ে নয়, তা পরিষ্কার করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্তগুলো মেনে নেয়নি।
যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হলো, ইরান যেন স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেয় যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন সক্ষমতা অর্জনের চেষ্টা করবে না, যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে।
এছাড়া ভ্যান্স উল্লেখ করেন, ইরানের আগের সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর অনেকাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে, তবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ এখনও রয়ে গেছে।