কুমিল্লা আদালতে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এক পেশকার ও অফিস সহায়কের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
অভিযুক্তরা হলেন পেশকার রবিউল্লাহ এবং অফিস সহায়ক ফারুক হোসেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আদালতের কক্ষেই এক আইনজীবীর কাছ থেকে টাকা নিচ্ছেন অফিস সহায়ক ফারুক হোসেন এবং বিনিময়ে মামলার নথি দিচ্ছেন।
ভিডিওর অন্য অংশে পেশকার রবিউল্লাহকে এজলাসের পাশে বসে এক ব্যক্তির কাছ থেকে একাধিকবার টাকা নিতে দেখা যায়। পরে তিনি সেই টাকা ড্রয়ারে রেখে কাগজ দিয়ে ঢেকে রাখেন।
আদালতের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ায় সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সূত্র জানায়, বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট দুই কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং তারা লিখিত জবাবও দাখিল করেছেন। তবে রবিবার বিকেল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি।
ভিডিওটি কে ধারণ করেছে বা কীভাবে ছড়িয়েছে—এ বিষয়ে পেশকার রবিউল্লাহ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।