বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়ভোজ্যতেলের সরবরাহ সচল রাখতে দ্রুত সিদ্ধান্ত আসছে: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের সরবরাহ সচল রাখতে দ্রুত সিদ্ধান্ত আসছে: বাণিজ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোজ্যতেলের সরবরাহ সচল রাখতে দ্রুত সিদ্ধান্ত আসছে: বাণিজ্যমন্ত্রী

বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার জটিলতা দেশের আমদানি ব্যয়ে প্রভাব ফেলছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের সমস্যাগুলো শোনা হয়েছে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত একটি কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে সরবরাহ ব্যবস্থা সচল থাকে।

ভোজ্যতেলকে সংবেদনশীল পণ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মূল্য বৃদ্ধি সরাসরি ভোক্তাদের ওপর প্রভাব ফেলে। তাই সরকার নিয়মিতভাবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করছে এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সর্বশেষ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

মন্ত্রী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যবসায়ীদের টিকিয়ে রাখাও জরুরি। কারণ, বড় বিনিয়োগের এই খাতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়লে সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সবশেষে তিনি ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, বাজারে অস্থিরতা সৃষ্টি হলে সাধারণ মানুষের কষ্ট বাড়বে। তাই সবাইকে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।