বাংলাদেশি শিক্ষার্থীদের কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের, নিয়ম ভাঙলে বাতিল হতে পারে ভিসা
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভিসার শর্ত লঙ্ঘন করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারানোর ঝুঁকির কথা জানানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার ভিসা বাতিল হতে পারে।
পোস্টে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্টরা।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।