ইসলামাবাদে দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, ইরানকে ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তবে এবার প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভ্যান্স এই সফরে যাচ্ছেন না। যদিও প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন তিনিই।
দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরানকে কঠোর বার্তা দিয়ে ট্রাম্প বলেছেন, শান্তিচুক্তিতে সম্মত হওয়ার জন্য এটি তেহরানের ‘শেষ সুযোগ’। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে কঠোর পরিণতির মুখে পড়তে পারে ইরান।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবিসি নিউজকেও ট্রাম্প জানিয়েছেন, শুধু নিরাপত্তার কারণেই ভ্যান্সের সফর বাতিল করা হয়েছে।
যদিও জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ ও জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আগে ইঙ্গিত দিয়েছিলেন, সোমবারের আলোচনায় ভ্যান্স নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হলো।
এর আগে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালিতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।