তিন বিভাগে ৮০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৈরী আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।