সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মনোনয়ন চূড়ান্ত, জায়গা পেলেন জুলাই শহীদের মা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে মোট ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে জামায়াতে ইসলামী থেকে আটজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন দুজন। জোটের শরিক দল জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন।
বিশেষভাবে আলোচনায় এসেছে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি। এটিকে ‘উপহার’ হিসেবে উল্লেখ করেছে জামায়াত।
১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
জামায়াত থেকে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিমও মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয় ৬ বছর বয়সী শিশু জাবির ইব্রাহিম। তার মাকে মনোনয়ন দেওয়াকে প্রতীকী ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।