মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
হোমজাতীয়পুলিশের পোশাক আবার বদলাচ্ছে সরকার, অসন্তোষের মুখে নতুন প্রস্তাব

পুলিশের পোশাক আবার বদলাচ্ছে সরকার, অসন্তোষের মুখে নতুন প্রস্তাব

favicon
ভোরের আলো ডেস্ক:
পুলিশের পোশাক আবার বদলাচ্ছে সরকার, অসন্তোষের মুখে নতুন প্রস্তাব

পুলিশ সদস্যদের অসন্তোষ এবং জনমতের পরিপ্রেক্ষিতে আবারও পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে পাঠানো প্রস্তাবে বিভিন্ন ইউনিটের জন্য নতুন রঙের পোশাক নির্ধারণের সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে লাইট অলিভ রঙের, আর জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশের শার্ট হবে ডিপ ব্লু রঙের। সব ইউনিটের প্যান্টের রঙ রাখা হয়েছে খাকি।

তবে এ পরিবর্তনের আওতার বাইরে রাখা হয়েছে এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং র‍্যাবকে।

গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুলিশ সদর দপ্তর জানায়, বর্তমানে চালু থাকা ‘লৌহ’ রঙের শার্ট এবং ‘কফি’ রঙের প্যান্ট মাঠ পর্যায়ের সদস্যদের মধ্যে অস্বস্তি ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে।

চিঠিতে আরও বলা হয়, নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও ব্যঙ্গের মুখে পড়ায় অনেক পুলিশ সদস্য পেশাগত হীনম্মন্যতায় ভুগছিলেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন রঙ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর সংশোধিত ড্রেস রুলস চূড়ান্ত হতে পারে।