ঈদুল আজহায় কার্যকর হচ্ছে নতুন বাসভাড়া, জানালেন ডা. জাহেদ উর রহমান
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন বাসভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া সমন্বয়ের আলোচনা চলছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর পর পরিবহন খাতে ভাড়া সমন্বয় নিয়ে আলোচনা চলছে এবং সরকার চায় এটি যৌক্তিকভাবে নির্ধারণ হোক।
তিনি জানান, প্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করা হতে পারে এবং আসন্ন ঈদেই তা কার্যকর করা হবে।
ডা. জাহেদ বলেন, জ্বালানির দাম বাড়লে পণ্যের দাম ও বাসভাড়ায় প্রভাব পড়া স্বাভাবিক। তবে ভাড়া বৃদ্ধি যেন কোনোভাবেই অযৌক্তিক না হয়, সে বিষয়টি সরকার কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।
এ ছাড়া রাজধানীর বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে চাহিদা দেখা যাচ্ছে তা প্রকৃত চাহিদা নয়, বরং অবৈধ মজুদ ও পাচারের কারণে এই চাপ তৈরি হয়েছে। সরকারের পক্ষে এ ধরনের কৃত্রিম চাহিদা পূরণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনার কথাও জানান ডা. জাহেদ উর রহমান। এ বিষয়ে ভারত, ভুটান, মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি।