বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় দেশ পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে এবং নীতিগত সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন অংশ নেন।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতান্ত্রিক ধারাবাহিকতার ইতিবাচক উদাহরণ। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্যই লাভজনক হবে।
তিনি আরও জানান, বাণিজ্য সংলাপ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফর করবেন। সংশ্লিষ্টদের মতে, এ সফর দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নতুন আমদানি নীতি প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে। খুব শিগগিরই আমদানি নীতি আদেশ ২০২৬-এর খসড়া ব্যবসায়ী মহলের মতামতের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশকে সহায়তা, বাজার সম্প্রসারণ এবং বাণিজ্য প্রতিবন্ধকতা কমানোর বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সহযোগিতা আরও সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।