মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে পৌঁছাল ইরানি তেলবাহী জাহাজ: দাবি সেনাবাহিনীর
মার্কিন অবরোধ অতিক্রম করে একটি ইরানি তেলবাহী জাহাজ দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে পৌঁছেছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বারবার সতর্কবার্তা ও হুমকি সত্ত্বেও, ইরানের সেনা ও নৌবাহিনীর সহায়তায় ‘সিলিকা সিটি’ নামের তেলবাহী জাহাজটি আরব সাগর পেরিয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে এবং কয়েক ঘণ্টা পর দক্ষিণের একটি বন্দরে নোঙর করে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।
এদিকে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। সোমবার রাতে পেন্টাগনের নির্দেশে অভিযান চালিয়ে জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানানো হয়েছে।