ডিসি বদলি নিয়ে মন্তব্যে এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে তথ্য-প্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
ঘটনার সূত্রপাত গত ২৭ মার্চ, যখন কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আমির হামজা দাবি করেন, বর্তমান জেলা প্রশাসক কুষ্টিয়ায় বদলি হয়ে আসতে প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।
তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
পরে গত ১৩ এপ্রিল তার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সাত দিনের মধ্যে প্রকাশ করতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন ভিত্তিহীন অভিযোগ সরকারি কর্মকর্তার মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এ প্রেক্ষাপটে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলছে।