জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বৃদ্ধি, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রামে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দূরপাল্লার বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে।
এছাড়া আন্তজেলা পরিবহনেও প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এই নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, এই সিদ্ধান্ত শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে। তবে জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে।