জ্বালানি সংকটে সমাধান খুঁজতে ১০ সদস্যের যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর
দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন এবং বিরোধী দলকেও পাঁচজন সদস্যের নাম দিতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করা হবে এবং বাস্তবসম্মত প্রস্তাবগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব সারা বিশ্বেই পড়ছে।