বিএনপি নেতা ডা. আব্দুল কুদ্দুস আর নেই, শোক প্রকাশ মির্জা ফখরুলের
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জিয়া পরিষদের সভাপতি ডা. মো. আব্দুল কুদ্দুস বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, ডা. কুদ্দুস ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক এবং নিজ এলাকায় বিএনপিকে সংগঠিত করতে নিবেদিতপ্রাণ কর্মী।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।