হামলার অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা করতে শাহবাগ থানায় ডাকসু নেতারা
হামলার অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে শাহবাগ থানা-য় গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ডাকসুর অন্যান্য ছাত্রনেতাদের সঙ্গে নিয়ে তারা থানায় যান।
জানা যায়, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একটি সম্পাদিত (এডিটেড) ফটোকার্ড ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর এক নেতা শাহবাগ থানায় যান। তাকে সহায়তা করতে গেলে মুসাদ্দিক ও এ বি জুবায়েরের ওপর চড়াও হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা।
একপর্যায়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় যান ডাকসুর নেতারা।