মানহানি মামলায় আগাম জামিন চাইলেন মুফতি আমির হামজা, আজ হাইকোর্টে শুনানি
মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এ বিষয়ে আজ সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর এই মানহানির মামলা দায়ের করেন। একই দিনে আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে তাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন।