মার্কিনসহ ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবি, সংসদমুখী মিছিল ও স্মারকলিপি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিসহ সব বৈদেশিক চুক্তি জনসমক্ষে প্রকাশ, সংসদে উপস্থাপন এবং দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। দাবি আদায়ে জোটের পক্ষ থেকে জাতীয় সংসদ অভিমুখে মিছিল করা হয় এবং শেষে স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব-এর সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং মানিক মিয়া এভিনিউ এলাকায় অবস্থান নেন।
পরে জোটের শীর্ষ নেতারা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। এ সময় স্পিকার তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।
সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে। এতে কৃষি, শিল্প ও বাণিজ্য খাতে বিদেশি নিয়ন্ত্রণের আশঙ্কা রয়েছে।