গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সাবেক এমডির জামিন
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালত-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম (কাইয়ুম)।
আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম আদালতে বলেন, শফিকুর রহমান দীর্ঘদিন ধরে একটি বড় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন এবং গত ২ ফেব্রুয়ারি থেকে ৭১ দিন কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মানবিক বিবেচনায় জামিন চাওয়া হয়। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, এক হোটেল কর্মচারীর ১১ বছর বয়সী মেয়েকে গৃহকর্মী হিসেবে শফিকুর রহমানের বাসায় কাজে দেওয়া হয়। গত বছরের জুন মাসে সে কাজে যোগ দেয়। পরে ২ নভেম্বর শিশুটিকে সর্বশেষ সুস্থ অবস্থায় দেখেন তার বাবা।
অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে শিশুটিকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। চলতি বছরের ৩১ জানুয়ারি অসুস্থতার কথা জানিয়ে তাকে নিয়ে যেতে বলা হলে পরিবারের সদস্যরা শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান।
অভিযোগে আরও বলা হয়, শিশুটিকে একাধিকবার মারধর করা হয় এবং গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ করা হয়। পরে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার শুনানি শেষে আদালত এ জামিন আদেশ দেন।