ইরান ‘পতনের মুখে’, হরমুজ প্রণালি খুলতে চায়: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে ‘পতনের মুখে’ রয়েছে এবং এ পরিস্থিতিতে দেশটি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে আগ্রহী।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন।
ট্রাম্প বলেন, ইরান তাদের জানিয়েছে যে তারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নেতৃত্ব পুনর্গঠনের চেষ্টা করছে। তার মতে, এই প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালি খুলে দিতে চায়।
তিনি আরও বলেন, ইরান শেষ পর্যন্ত তাদের নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে পারবে বলেও তিনি বিশ্বাস করেন।
এর আগে ট্রাম্প জানান, ইরানের দেওয়া একটি প্রস্তাব গ্রহণের সম্ভাবনা কম। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালুর কথা থাকলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়েছিল।
তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।