সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমজাতীয়সিসি ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘন ধরা পড়লে মামলা, হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা

সিসি ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘন ধরা পড়লে মামলা, হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা

favicon
সাইফুল আলম মিরাজ
সিসি ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘন ধরা পড়লে মামলা, হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এখন সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ দেখে মামলা করা হচ্ছে। এসব মামলার নোটিশ ডাকযোগে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় পাঠানো হচ্ছে।

রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে চালক বা মালিককে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, নোটিশ পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিএমপি সদর দপ্তর বা ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে জরিমানা পরিশোধ করছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে ডিএমপি চালকদের সতর্ক করে জানিয়েছে, জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো অননুমোদিত আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে।