উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগ: চার আসামি ফের দুই দিনের রিমান্ডে
রাজধানীর কামরাঙ্গীরচর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার চার আসামিকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (৩ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম।
এর আগে গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ-এর রমনা বিভাগের একটি দল তাদের আটক করে। পরে বুধবার ডিবির রমনা বিভাগের ইন্সপেক্টর শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
পরদিন আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আবারও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের এসআই মতিউর রহমান মোল্লা। পরে আদালত দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।