কানাডা থেকে বিচ্ছিন্নতার পথে আলবার্টা? গণভোট ঘিরে আইনি জটিলতা
কানাডার আলবার্টা প্রদেশে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে নতুন করে গতি পেয়েছে আন্দোলন। সোমবার (৪ মে) স্টে ফ্রি আলবার্টা নামে একটি সংগঠন এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে, যার ফলে আগামী অক্টোবরেই গণভোট আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
গণভোট আয়োজনের জন্য প্রয়োজন ছিল অন্তত ১ লাখ ৭৮ হাজার ভোটারের স্বাক্ষর। তবে আয়োজকদের দাবি, তারা প্রায় ৩ লাখেরও বেশি মানুষের সমর্থন পেয়েছেন। সংগঠনের প্রধান মিচ সিলভেস্ত্রে এই উদ্যোগকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন।
মূলত কেন্দ্রীয় সরকার অটোয়া-এর নীতির প্রতি অসন্তোষ, বিশেষ করে তেল-গ্যাস খাতে কড়াকড়ি আরোপের প্রতিবাদ থেকেই এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূত্রপাত।
এদিকে জনমত জরিপে দেখা গেছে, প্রদেশটির মাত্র ২৫ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে। বিপরীতে অধিকাংশ নাগরিক কানাডার অংশ হিসেবেই থাকতে চান। এমনকি স্বাধীনতার বিরোধিতায় ফরএভার কানাডিয়ান নামে একটি পাল্টা উদ্যোগে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ স্বাক্ষর করেছেন।
সবকিছু অনুকূলে থাকলে এবং আদালতের অনুমতি মিললে আগামী ১৯ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হতে পারে। সেখানে ভোটারদের কাছে প্রশ্ন রাখা হবে—তারা কানাডা থেকে আলাদা হয়ে আলবার্টাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান কি না।