প্রচণ্ড গরমে স্বস্তি দেবে ভাতের মাড়, জানুন উপকারিতা
প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখা ও পানিশূন্যতা দূর করতে সহজলভ্য ঘরোয়া পানীয় হিসেবে ভাতের মাড়ের গুরুত্ব বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরমে ঘামের সঙ্গে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বের হয়ে যায়, ফলে ক্লান্তি, মাথা ঘোরা ও দুর্বলতা দেখা দিতে পারে। এ অবস্থায় ভাতের মাড় হতে পারে কার্যকর ও সহজ সমাধান।
অনেকেই ভাতের মাড়কে শুধু রূপচর্চার উপাদান মনে করলেও এটি দীর্ঘদিন ধরে আমাদের খাদ্যসংস্কৃতির অংশ। কেউ ভাতের সঙ্গে মাড় খান, আবার কেউ আলাদা করে পানীয় হিসেবে গ্রহণ করেন।
ভাত রান্নার সময় তৈরি হওয়া স্টার্চসমৃদ্ধ পানিই মূলত ভাতের মাড়। হালকা ও সহজপাচ্য এই পানীয় শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। এর স্বাদ মৃদু হওয়ায় এটি প্রায় সবার জন্য উপযোগী।
পুষ্টিবিদদের মতে, ভাতের মাড় শরীরকে হাইড্রেট রাখে এবং এতে থাকা সহজ কার্বোহাইড্রেট দ্রুত শক্তি জোগায়। পাশাপাশি এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং পেটের জন্য আরামদায়ক।
প্রস্তুত প্রণালি:
আধা কাপ চাল ভালোভাবে ধুয়ে ৩ কাপ পানিতে রান্না করুন। ভাত সিদ্ধ হলে মাড় ছেঁকে আলাদা করে ঠান্ডা করুন। এরপর এতে ভাজা জিরার গুঁড়া, বিট লবণ, সাধারণ লবণ ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিলেই পানযোগ্য হয়ে যাবে। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করা যায়।
পুষ্টিগুণের দিক থেকেও ভাতের মাড় গুরুত্বপূর্ণ। এতে কম ক্যালোরি থাকলেও ভিটামিন ও খনিজ উপাদান থাকে। পাশাপাশি এটি ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে সহায়তা করে এবং দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে।
সহজলভ্য ও সাশ্রয়ী এই পানীয় গরমের দিনে শরীর সতেজ রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।