মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমলাইফস্টাইলভাত-রুটি বাদ নয়, সঠিক ক্রমে খেলেই নিয়ন্ত্রণে থাকতে পারে ডায়াবেটিস

ভাত-রুটি বাদ নয়, সঠিক ক্রমে খেলেই নিয়ন্ত্রণে থাকতে পারে ডায়াবেটিস

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাত-রুটি বাদ নয়, সঠিক ক্রমে খেলেই নিয়ন্ত্রণে থাকতে পারে ডায়াবেটিস

ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই মনে করেন, ভাত বা রুটি খেলেই রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু কী খাচ্ছেন তা নয়, খাবার কোন ক্রমে খাচ্ছেন সেটিও রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বিশেষজ্ঞরা জানান, ‘ফুড সিকোয়েন্সিং’ বা খাবার গ্রহণের সঠিক ক্রম অনুসরণ করলে ভাত-রুটি খেয়েও খাবারের পর রক্তে শর্করার মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রথমে ফাইবারসমৃদ্ধ খাবার, এরপর প্রোটিন এবং সবশেষে কার্বোহাইড্রেট গ্রহণ করলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে মিশে, ফলে হঠাৎ শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।


এ ক্ষেত্রে ভাত বা রুটি খাওয়ার ৫ থেকে ১০ মিনিট আগে এক বাটি স্যালাড খাওয়ার পরামর্শ দেওয়া হয়। শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, লেটুস কিংবা অন্যান্য সবুজ শাকসবজিতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে এবং কার্বোহাইড্রেটের শোষণের গতি কমাতে সহায়তা করে।


স্যালাডের পর ডাল, মাছ, ডিম, মুরগির মাংস, ছোলা, সয়াবিন বা টক দইয়ের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এরপর পরিমিত পরিমাণে ভাত বা রুটি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।


এ ছাড়া খাবারের পর ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাচলা করলে শরীরের পেশি অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করতে পারে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক। পাশাপাশি প্লেটের অর্ধেকজুড়ে শাকসবজি, এক-চতুর্থাংশ প্রোটিন এবং বাকি এক-চতুর্থাংশ কার্বোহাইড্রেট রাখার পরামর্শও দেওয়া হয়।


তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু স্যালাড বা নির্দিষ্ট ক্রমে খাবার খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণও সমান গুরুত্বপূর্ণ।


তাদের মতে, ডায়াবেটিস মানেই ভাত বা রুটি পুরোপুরি বাদ দেওয়া নয়; বরং সঠিক পরিমাণ, সঠিক সময় এবং সঠিক ক্রমে খাবার গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।