সীমান্তে ‘পুশ-ইন’ হলে ব্যবস্থা নেবে সরকার, চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ ঘটলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ-এ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি সীমান্তে পুশ-ইনের ঘটনা ঘটে, তাহলে ঢাকা তা মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেবে। একই সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের এগিয়ে আসার প্রত্যাশা রয়েছে। এ বিষয়ে চীন-এর মহাপরিকল্পনা নিয়েও আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্র-এর বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি ইতিবাচক হয়েছে। এ নিয়ে যারা সমালোচনা করছেন, তারা তুলনামূলক বিশ্লেষণ করলে বিষয়টি বুঝতে পারবেন।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আসন্ন চীন সফরে আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরের সময় এ বিষয়টি আলোচনায় আসবে।