বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, শেষ হতে পারে উপসাগরীয় যুদ্ধ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, শেষ হতে পারে উপসাগরীয় যুদ্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, শেষ হতে পারে উপসাগরীয় যুদ্ধ

পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের অবসান ঘটাতে সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রইরান। ফলে দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে মধ্যস্থতাকারী পাকিস্তান-এর একটি সূত্র, দুইজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ বন্ধে এক পাতার একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাকিস্তানি সূত্র জানায়, খুব শিগগিরই যুদ্ধের অবসান ঘটতে পারে এবং সমঝোতা এখন চূড়ান্তের খুব কাছাকাছি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রশাসন বিশ্বাস করছে তারা ইরানের সঙ্গে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলমান নৌ-মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেন।

অ্যাক্সিওসের তথ্যমতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রস্তাবিত ১৪ দফার এই সমঝোতা স্মারকটি মার্কিন দূত স্টিভ উইটকফজ্যারেড কুশনার এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি ও মধ্যস্থতার মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।

খসড়া অনুযায়ী, এই স্মারকের মাধ্যমে অঞ্চলে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে এবং পরবর্তী বিস্তারিত চুক্তির জন্য ৩০ দিনের আলোচনার সময় নির্ধারণ করা হবে।

এতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে সাময়িক বিরতি, জব্দকৃত অর্থ মুক্ত করা এবং জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়ার প্রস্তাবও রয়েছে।