বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি বাসদের
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে গণবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, সরকার পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যার প্রভাবে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে সর্বোচ্চ ১ টাকা ৩৮ পয়সা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, এই প্রস্তাব বিবেচনায় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ইতোমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করেছে, যা তার মতে অযৌক্তিক এবং জনজীবনের জন্য ক্ষতিকর।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার প্রভাবে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপণ্যের দাম ইতোমধ্যেই বেড়েছে। এতে সাধারণ মানুষ ও শ্রমজীবী পরিবারগুলো চাপে রয়েছে। এই অবস্থায় নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।
বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে সিস্টেম লস, অপচয়, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। তিনি দাবি করেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, যার বোঝা শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়ছে।
এ অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বাতিল, সিস্টেম লস কমানো, আর্থিক অনিয়ম বন্ধ করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি গণশুনানির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।