রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত: শামা ওবায়েদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং শিগগিরই এ বিষয়ে একটি কার্যকর পথ নির্ধারণ করা সম্ভব হবে।
বুধবার (৬ মে) দুপুরে উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ক্যাম্প প্রশাসন ও রোহিঙ্গাদের কমিউনিটি ভিত্তিক সংগঠন ইউসিআরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা নেতাদের উদ্দেশে বলেন, প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পে সহাবস্থান বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করা জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখতে সরকার দাতা সংস্থা ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে, যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়।
সভায় ইউসিআরের প্রতিনিধি মাস্টার সৈয়দ উল্লাহ বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী ক্যাম্পে বিভিন্ন মানবিক কার্যক্রম—শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ক্যাম্প ইনচার্জ সুরাইয়া রহমান সুইটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।