মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা, ভুয়া নম্বর প্লেটের গাড়ি উদ্ধার
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ব্যবহৃত একটি গাড়ি ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক সিদ্ধিনাথ গুপ্তা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তদন্তে দেখা গেছে, গাড়িটির নম্বর প্লেট ছিল ভুয়া। ব্যবহৃত নম্বরটি মূলত শিলিগুড়ির অন্য একটি গাড়ির, যা অপরাধীরা জালিয়াতির মাধ্যমে ব্যবহার করেছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত গুলির খোসা ও তাজা কার্তুজও উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চন্দ্রনাথ রথ বাড়িতে ফিরছিলেন। এ সময় হামলাকারীরা তার গাড়ির পথরোধ করে খুব কাছ থেকে গুলি চালায়। হামলায় চন্দ্রনাথের পাশাপাশি তার গাড়িচালক বুদ্ধদেব বেরাও গুরুতর আহত হন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, চন্দ্রনাথকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে দুটি গুলি লাগে। একটি গুলি বুক ভেদ করে হৃদপিণ্ডে আঘাত করে এবং অন্যটি পেটে লাগে। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতারা এ ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক ভয়ভীতি তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এসব অভিযোগ অস্বীকার করেছে।