নীতিমালা ছাড়াই গুলিস্তানে হকার বসানোর অভিযোগ, কার্ডের বিনিময়ে নেওয়া হচ্ছে টাকা
কোনো সুস্পষ্ট নীতিমালা বা আইনি কাঠামো ছাড়াই রাজধানীতে হকার পুনর্বাসনের নামে নতুন করে হকার বসানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে গুলিস্তান এলাকায় উচ্ছেদের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে কেন্দ্র করে এ কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, গুলিস্তানসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সম্প্রতি হকারদের উচ্ছেদ করা হয়। পরে পুনর্বাসনের উদ্যোগ হিসেবে রমনা ভবনসংলগ্ন লিংক সড়কে সাদা দাগ কেটে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়। এসব স্থানে বসার জন্য হকারদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হচ্ছে।
তবে পুরো প্রক্রিয়াটির কোনো বৈধ নীতিমালা বা আনুষ্ঠানিক কাঠামো নেই বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিচয়পত্র দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়া হচ্ছে। কারা এই সুবিধা পাচ্ছেন, কীভাবে নির্বাচন করা হচ্ছে এবং আদায়কৃত অর্থ কোথায় যাচ্ছে—এসব বিষয়ে কোনো স্বচ্ছতা নেই।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদ ও সচেতন নাগরিকরা। তাদের মতে, পরিকল্পনাহীনভাবে ফুটপাত ও সড়কে হকার বসানোর অনুমতি দিলে নগরজীবনে বিশৃঙ্খলা আরও বাড়বে। ভবিষ্যতে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে দীর্ঘদিন ধরেই হকার সমস্যা রয়েছে। ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক সময় মানুষ বাধ্য হয়ে সড়কে হাঁটেন, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজটও তীব্র হয়।
তাদের মতে, সিটি করপোরেশনের প্রধান দায়িত্ব হলো নগরের শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা।