হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকার এমন একটি প্রশাসন গড়ে তুলতে চায়, যেখানে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রশাসনিক সেবা সমিতির বার্ষিক সম্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসকদের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। একই সঙ্গে তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারে দেশের জনগণ সমর্থন দিয়েছে। ফলে সেটি এখন জনগণের অঙ্গীকারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
তারেক রহমান মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের প্রতি আরও আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারি দপ্তরে সাধারণ মানুষের দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।