তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি নিয়ে রাজভবনে থালাপতি বিজয়, সমর্থন জোগাড়ের চেষ্টা চলছে
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশের পর সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল আর ভি আরলেকারের বাসভবনে গিয়েছেন থালাপতি বিজয়।
নির্বাচনে তার দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১০টি আসন পিছিয়ে রয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজভবনে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যপাল বিজয়ের কাছে সরকার গঠনের সক্ষমতা নিয়ে একাধিক প্রশ্ন করেন। তিনি জানতে চান, কোন কোন দল তার প্রতি সমর্থন জানাবে।
জবাবে থালাপতি বিজয় জানান, কংগ্রেসের পাঁচজন সদস্য তার সঙ্গে রয়েছেন। তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে আরও পাঁচটি আসন ঘাটতি রয়ে গেছে।
এ পরিস্থিতিতে রাজ্যপাল তাকে আস্থা ভোট বা ফ্লোর টেস্টের জন্য প্রস্তুত থাকতে বলেন বলে জানা যায়।
বর্তমান অবস্থায় কংগ্রেসের পাঁচটি আসন যোগ হলে বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১১৩-এ। তবে সরকার গঠনের জন্য আরও আসন প্রয়োজন। সেই কারণে বামপন্থী সিপিআই, ভিসিকে এবং পিএমকে’র মতো ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজয়কে। এসব দল সমর্থন দিলে তার জোটের আসন সংখ্যা ১২৩-এ পৌঁছাতে পারে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট হবে।