তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাত মামলায় বিচার শুরুর নির্দেশ
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি ইসতিয়াক আহমেদ।
তিনি জানান, আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন এবং আসামিদের বিরুদ্ধে পূর্বে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন।
এর আগে গত ১৯ এপ্রিল পলাতক অবস্থায় থাকার কারণে আদালত এই পরোয়ানা জারি করে। অপর দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশারফ হোসেন।
গত ৫ মে মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। সেদিন তোফায়েল আহমেদের আইনজীবী আদালতকে জানান, তিনি অসুস্থ এবং স্মৃতিভ্রষ্টতার কারণে কাউকে চিনতে পারেন না, ফলে আদালতে উপস্থিত হয়ে কার্যক্রমে অংশ নিতে অক্ষম।
মামলার নথি অনুযায়ী, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত অর্থ গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর করে পরে তা উত্তোলন করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।